জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের ফরিদপুর খান বাড়ী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ এনে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাস ফেরত মো.আকতার খান (৩৮)।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের চারজন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকতার খানের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। অভিযুক্তরা হলেন শিমুল খান (২৮), মরিয়ম বেগম (৫৫), রফিক খান (৬০) ও আয়শা বেগম (৩০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং অভিযোগকারীর আত্মীয় বলে উল্লেখ করা হয়েছে।
হামলার সময় শিমুল খান ধারালো অস্ত্র দিয়ে আকতার খানের পিতা কামাল খানকে (৬৫) আঘাত করলে তিনি মাথা, কোমর ও হাতে গুরুতর আহত হন। এছাড়া মরিয়ম বেগম লোহার শিক দিয়ে আকতার খানের মাতা মনোয়ারা বেগমকে (৬০) আঘাত করলে তার হাতে গুরুতর জখম হয়। আকতার খান নিজেও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় তার ৮ বছর বয়সী ভাতিজা আলিফও আহত হয়েছে। হামলার একপর্যায়ে মনোয়ারা বেগমের গলা থেকে প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বসতঘরের গেট ও আলমারির ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগকারী মো. আকতার খান বলেন, “আমি একজন প্রবাসী। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









