খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পৃথক দুটি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর ওপর পেছন থেকে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ কর্মী বাপ্পি ত্রিপুরা। হাতুড়ির আঘাতে বাবুর মাথা গুরুতর জখম হয়। গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ জানান, বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই রাতে উপজেলার বড়পিলাক এলাকার মো. হাসেমের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে সেখানে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন—হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওর্য়াড যুবদলের সদস্য মামুন ও সদস্য মাহবুব আলম।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, বড়পিলাক এলাকায় হামলার ঘটনাটি তিনি শুনেছেন, তবে বাইল্যাছড়ির বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









