রাজধানীর মগবাজার বিটিসিএল কলোনির বিভিন্ন ডাস্টবিনে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। হাতিরঝিল থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিশেষ উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ সকাল থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। এর ফলে দীর্ঘদিনের তীব্র দুর্গন্ধ ও চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে শুরু করেছেন কলোনির বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, মগবাজার বিটিসিএল কলোনির ভেতরের ডাস্টবিন ও রাস্তা সংলগ্ন স্থানগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। গৃহস্থালি ও পচনশীল বর্জ্যের স্তূপ থেকে ছড়ানো অসহ্য দুর্গন্ধে কলোনির বাতাস ভারী হয়ে উঠেছিল। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত এবং বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে এলাকায় তীব্র স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।
কলোনীবাসীর এই কষ্ট দেখে সমাজসেবক অ্যাডভোকেট জিল্লুর রহমান সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং কলোনির বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরে দ্রুত ময়লা অপসারণের তাগিদ দেন।
তাঁর এই উদ্যোগের পরিপ্রক্ষিতে আজ সকাল থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বড় ট্রাক ও আধুনিক সরঞ্জাম নিয়ে কলোনির প্রধান ডাস্টবিনগুলো থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। জমে থাকা বর্জ্য লরিতে তুলে নেওয়ার পর ওই স্থানে জীবাণুনাশকও ছিটানো হচ্ছে।
দীর্ঘদিন পর কলোনি প্রাঙ্গণ পরিষ্কার হতে দেখে বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই ত্বরিত পদক্ষেপের জন্য কলোনীবাসীর পক্ষ থেকে অ্যাডভোকেট জিল্লুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা জানান, যেখানে অনেকেই বিষয়টি এড়িয়ে গেছেন, সেখানে তাঁর এই নাগরিক দায়িত্ববোধ ও মানবিকতা সত্যি প্রশংসনীয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









