চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ মোঃ সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গতকাল ১০ জুন (বুধবার) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সালাউদ্দিন শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:০০ টার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ১টি 'Hero HF Delux 100cc' মোটরসাইকেল এবং ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইলসহ সালাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন জানিয়েছে, আটককৃত আসামী এবং জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেল আইনি প্রক্রিয়া শেষে নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, বিগত ৩ মাসে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক রোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









