মানিকগঞ্জের সিংগাইরে এক'শত লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১০ জুন) রাত ৮ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল গ্রামে অভিযান চালায়।
এ অভিযানে পূর্ব বান্দাইল গ্রামের আবু বক্কার (৫৫) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে প্রায় ১০০ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কারের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ পুলিশ মানবেন্দ্র বালো জানান- গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযানটি পরিচালনা করি। অভিযানে আমাদের চৌকস টিম চোলাই মদ ও মদ তৈরির কিছু সরঞ্জাম সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









