প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩৯ বছর বয়সী যুবক এম এ হাইশান। উদ্দেশ্য ছিল পছন্দের মানুষকে বিয়ে করে নিজের দেশে নিয়ে যাবেন। কিন্তু প্রেমিকার বয়স কম হওয়ায় সেই আশা পূরণ হলো না। খালি হাতেই দেশে ফিরে যেতে হয়েছে তাকে। তবে প্রিয়তমার জন্য আরও দেড় বছর অপেক্ষা করবেন বলে জানিয়েছেন ওই চীনা যুবক।
সম্প্রীতি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাংলাদেশি ওই তরুণীর নাম রিয়া আক্তার (১৬)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কুমারখালীর রিয়ার সঙ্গে চীনের বাসিন্দা হাইশানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতেই বুধবার সকালে চীন থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। রিয়া ও তার দাদি বিমানবন্দরে তাকে রিসিভ করে কুমারখালীর বাড়িতে নিয়ে আসেন।
তরুণী রিয়া আক্তার জানান, বয়স কম হওয়ায় পরিবার ও স্থানীয় প্রশাসনের অসম্মতিতে তাদের বিয়ে হচ্ছে না। তিনি বলেন, "বুধবার বিকেলে হাইশান আমাদের বাসায় আসেন। কিন্তু আমার বয়স কম থাকায় বিয়ে হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করব।"
মেয়ের মা-ও নিশ্চিত করেছেন যে, মেয়ের বয়স না হওয়ায় তারা এই বিয়েতে সম্মতি দেননি।
মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রান্সলেট করে চীনা যুবক এম এ হাইশান বলেন, "আমাদের প্রেমের সম্পর্ক ধরে রেখেছিলাম। এসেছিলাম বিয়ে করে নিয়ে যাব। কিন্তু কিছু সমস্যার কারণে বিয়েটা হচ্ছে না। তবে আমি আমার প্রিয়তমার জন্য দেড় বছর অপেক্ষা করব।"
চীন থেকে এক যুবক গ্রামে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে দেখতে আশেপাশের শত শত মানুষ রিয়ার বাড়িতে ভিড় জমায়।
চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউইউ) চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, বিষয়টি জানার পর রাতে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু মেয়েটি এসএসসি পরীক্ষার্থী এবং অপ্রাপ্তবয়স্ক, তাই পরিবারের বুঝানো হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় দুপুরে ওই যুবককে বিদায় জানানো হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মেয়ের বয়স কম হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিয়ের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং ওই চীনা যুবক বর্তমানে তার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









