পিরোজপুরের জিয়ানগরে বটতলা স্টান্ডে একটি দোকানে দাড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরেন মুক্তযোদ্ধা আবুল কালাম সেপাই।
এক সময় রাজনৈতিক এবং বংশীয় প্রভাব ছিল তার। মানুষ হিসেবে তিনি ছিলেন বেশ সাহসী। ৭৫ বছর বয়সী হালকা পাতলা গড়নের এই মানুষটির নাম আবুল কালাম সেপাই। জিয়ানগর উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা তিনি।
দেশের স্বাধীনতা সংগ্রামে ছিলেন তিনি একজন বীর সৈনিক। পেশায় ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছিলেন একসময় স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে।
পরিবার সূত্রে জানা যায়, সুস্থ স্বাভাবিক এই মানুষটি বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যান কাছের স্থানীয় বটতলা বাজারে। সেখানে একটি দোকানের সামনে দাঁড়ান। দোকানদার সায়েম তখন দোকানের কেনাবেচার কাজে ব্যস্ত ছিলেন। সুস্থ স্বাভাবিক মানুষটা হঠাৎ তার চোখের সামনে সোজা সুঝি চিত হয়ে পড়ে গেলেন। দোকানদার চিৎকার করে উঠলেন। এরপর উপস্থিত জনতা তাকে ধরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দেখেন তার পালস চলছে না। পরে নিশ্চিত হন তিনি মারা গেছেন।
সবার ধারনা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে। যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিনি পড়ে গিয়েছিলেন সে সময় সিসি ক্যামেরায় ধারণকৃত তার এ আকস্মিক মৃত্যুর দৃশ্য পরে দোকানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরিচিত অপরিচিত সবারই নজরে আসে তার এ মৃত্যুর ভিডিও চিত্রটি। মানুষের মৃত্যু আসলে কতটা স্বাভাবিক এ নিয়ে নানান আলোচনা এখন সবার মুখে মুখে।
মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় বালিপাড়া ও বটতলা বাজারের অনেক ব্যবসায়ী এবং পরিচিত অপরিচিতরা ছুটে যান তার বাড়িতে। পরিবারের সদস্যদের সবাই জানান সমবেদনা।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সহ শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









