বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময়ে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়। পাশাপাশি হাসপাতালসংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসময় হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের সরবরাহ করা খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবার বিষয়েও খোঁজ নেন তারা। বিশেষ করে ডেঙ্গু পরীক্ষার প্রতিবেদন পেতে তিন থেকে চার দিন সময় লাগার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন দুদকের প্রতিনিধিদল।
দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার মো. জাকির হোসেন বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যবস্থার কার্যকারিতা, দালালদের দৌরাত্ম্যসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘অভিযোগগুলো পর্যালোচনা করা হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
এদিকে, দুদকের অভিযান সম্পর্কে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









