নাটোরের গুরুদাসপুর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে ‘‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল অ্যান্ড এক্সিলেন্স সাপোর্ট সার্ভিস (EESS) এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আব্দুল আজিজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অংশ নিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার। সঞ্চালনায় ছিলেন খুবজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরে আলম, খুবজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, গুরুদাসপুর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রশিদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রকল্প মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং আইসিটি কর্মকর্তা মাহবুর রহমান।
প্রদর্শনীতে উপজেলার ১২টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।
সভাপতি ও বিশেষ অতিথিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিচারকমণ্ডলী নিবিড় মূল্যায়নের মাধ্যমে সেরা প্রকল্প নির্বাচন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ধারাবারিষা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে নাজিরপুর উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামনষ্কতা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









