ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় গুদামে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই গুদাম ও দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়। তবে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল বলেন, রাতে হঠাৎ একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে যায়। গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাট আগুনে নষ্ট হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পাটের গুদাম ও দোকানগুলো পুড়ে যায়। তবে কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









