‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নওগাঁর সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করা হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনষ্ক হতে হবে। শিক্ষার্থীদের এই ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’’
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত বিভিন্ন আকর্ষণীয় প্রজেক্ট প্রদর্শন করেন। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









