পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সারা দেশের ন্যায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ও চরকিং ইউনিয়নে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে দুই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চরঈশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান, ইউপি সদস্য আকবর হোসেন, সুনীল চন্দ্র দাসসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অপরদিকে চরকিং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাদল, ইউপি সদস্য মো. ইকবাল উদ্দিন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য অলি উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চরঈশ্বর ও চরকিং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ব্যাপক পরিসরে গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









