চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সোমবার ভোর ৫টার দিকে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত মেইন পিলার ৮১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









