দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের সীতাকোট এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ডেবিট বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ফিতেহ, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার গজেন চন্দ্র বর্মন স্বপন, সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নবাবগঞ্জ উপজেলা শাখা ও মাদক বিরোধী আন্দোলন নবাবগঞ্জ এর আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এ লক্ষ্যে স্থানীয় যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









