খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাইনী ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ফারুক হোসেন। তিনি উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনরত অবস্থায় ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসা—কোনো অপরাধই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ ও প্রশাসনের এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত দীঘিনালা গড়ে তুলতে অভিভাবক, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে প্রশাসনের এমন তাৎক্ষণিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এই কঠোর অবস্থান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









