নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
মৃতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫) ও ছেলে সিয়াম (১৯)। তাঁদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে একসঙ্গে দাফন করা হয়েছে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্য ও প্রতিবেশী এক শিশু দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন প্রথমে সুলতানার মৃত্যু হয়। এরপর গত সোমবার (১৫ জুন) ভোরে মারা যান আব্দুল মান্নান এবং এর মাত্র পাঁচ ঘণ্টা পর ছেলে সিয়ামও মারা যান।
ডা. শাওন বিন রহমান জানান, মৃত সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে পরিবারের আরেক সদস্য ১৩ বছর বয়সী মিম ৪১ শতাংশ দগ্ধ হয়ে এবং প্রতিবেশী শিশু হযরত আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









