অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদ ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল।
রবিবার (২১ জুন) দুপুরে সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের ক্লাসরুম ঘুরে স্লোগান দিয়ে ক্যাম্পাস চত্বরে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশ থেকে এই কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক তদন্ত করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীরা। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং ৫ তারিখের আগে ও পরের কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না।
ছাত্রদলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের বিতর্কিত কমিটির কারণে দলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং শুধু সিটি কলেজ নয়, সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি বিরাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়াড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









