শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রবিবার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষতার মানোন্নয়নে ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।’’
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘‘পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই শিক্ষার গুণগত মান উন্নয়নে একত্রে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের বড় সুযোগ রয়েছে।’’
এ সময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রমের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎ অনুষ্ঠান শেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক বিকাশের লক্ষ্যে ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









