মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন কবির হোসেন ও শহিদুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে অবস্থানকালে বজ্রপাতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কবির ও শহিদুল দুজনই কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘‘বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









