নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকায় ভয়াবহ আগুনে বেশ কয়েকটি লেপ তোষকের দোকান, তুলার গোডাউনসহ আরও কিছু দোকান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের কয়া গোলাহাট বাজারের মাংস হাটির পাশে লেপ তোষকের দোকান ও গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনে মজুত থাকা তুলা ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। এতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রাথমিক তথ্যে জানা গেছে, অগ্নিকাণ্ডে একটি লেপ-তোষকের দোকান, তুলার গোডাউন, একটি চায়ের দোকান, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং একটি ওয়েল্ডিং ওয়ার্কশপসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, ‘‘সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









