পিরোজপুরের জিয়ানগরে আপত্তিকর ব্যক্তিগত ছবি এলাকায় ছড়িয়ে পড়ার পর লোকলজ্জা ও পারিবারিক অভিমানে সুমাইয়া আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়ার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের কিছু ব্যক্তিগত ছবি স্থানীয় সিয়াম নামে এক যুবকের মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। সিয়াম ওই ছবিগুলো রিয়াজ নামে আরেক যুবককে দেখালে তা জানাজানি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। এই ছবিকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এদিকে ছবি ফাঁসের বিষয়টি এলাকায় রাষ্ট্র হয়ে গেলে সুমাইয়া ও তার পরিবার চরম সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি জানতে পেরে সুমাইয়ার বাবা তাকে বকাঝকা করেন। এতে চরম ক্ষোভ ও অপমানে মানসিকভাবে ভেঙে পড়ে সুমাইয়া। একপর্যায়ে সোমবার রাতে ঘরে থাকা উকুননাশক বিষাক্ত ওষুধ পান করে সে ছটফট করতে থাকে।
পরে স্বজনরা টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে খুলনা নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









