গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকেরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। সেই পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থতা অনুভব করেন। পরে একই ধরনের উপসর্গ নিয়ে আরও অনেক শ্রমিক আক্রান্ত হন।
তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি।
ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত সোমবারের টানা বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। ওই সময় দূষিত পানি পান করার কারণে শ্রমিকেরা আজ অসুস্থ হয়ে পড়তে পারেন। কারখানার পানিতে কোনো ত্রুটি আমরা পাইনি।”
এদিকে ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “পানি পান করে কিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, অসুস্থ শ্রমিকরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









