হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির একটি টহলদল মোহনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় নিয়মিত টহলের সময় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









