জাতীয় ফল দিবস উপলক্ষে “করবো মোরা ফলের চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন দেশি-বিদেশি জাতের বিভিন্ন ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে মিয়াজাকি, হাঁড়িভাঙা, গৌড়মতি, থ্রি টেস্ট, আম্রপালি, চিয়াং মাই ম্যাংগো, রেড ইন্ডিয়ান, নাগফজলি, বারি-৪ ও আশ্বিনাসহ বিভিন্ন উন্নত জাতের আম দর্শনার্থীদের আকর্ষণ করে। এছাড়াও ডেউয়া, সফেদা, আনার, ডালিম, তাল ও কাঁঠালসহ নানা দেশীয় ফল প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান ইলিয়াস। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ফল উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলের উৎপাদন, সংরক্ষণ ও ভোগ বৃদ্ধি করা প্রয়োজন। ফল মেলার মাধ্যমে কৃষকদের নতুন জাতের ফল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।
দেশীয় ফলের জনপ্রিয়তা বৃদ্ধি, নিরাপদ ফল উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতীয় ফল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









