সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে শিশু অপহরণ, মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
১৯ জুন (শুক্রবার) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় সদর মডেল থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী এ অভিযান চালানো হয়। পৃথক পৃথক অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, একটি স্পর্শকাতর শিশু অপহরণ মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। একই সাথে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আরও ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, জেলাকে অপরাধমুক্ত ও শান্ত রাখতে আমাদের এই নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









