নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই চক্ষু ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়।
দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল-এর সহযোগিতা ও আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে আয়োজিত ওই চক্ষু শিবিরের উদ্বোধন করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খালিদ আযম আশরাফী, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি এবং তৌসিফ রেজা আশরাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চক্ষু শিবিরে ডা. রায়হান কবির-এর নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক দল রোগীদের সেবা প্রদান করেন। দিনব্যাপী ওই ক্যাম্পে সৈয়দপুরের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ চোখের নানা সমস্যার চিকিৎসা নিতে ভিড় করেন।
চিকিৎসা নিতে আসা কুরবান, এজাজ, নাসিমা বেগম, রেয়াজ ও জরিনাসহ কয়েকজন রোগী জানান, অর্থাভাব ও যাতায়াতজনিত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তারা চোখের চিকিৎসা নিতে পারেননি। নিজেদের এলাকায় এমন একটি বিনামূল্যের চক্ষু ক্যাম্প আয়োজন করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, এই ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি বলেন, দরিদ্র, অসহায় ও প্রবীণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রশংসা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









