ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর অমলশিদ ও শেওলা পয়েন্ট এবং পিয়াইন নদীর জাফলং পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। একই সাথে সুরমাসহ অন্যান্য নদীর পানিও দ্রুত বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২২ জুন) সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সকাল নয়টার প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় জকিগঞ্জের অমলশিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ মিটার, যা সকাল ৯টায় সামান্য কমে ১৩ দশমিক ০২ মিটারে দাঁড়ায়। এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৮০ মিটার। অর্থাৎ পানি এখনো বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে কুশিয়ারার শেওলা পয়েন্টে। এখানে বিপদসীমা ১০ দশমিক ০৫ মিটার হলেও সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯৫ মিটার—যা বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপরে। এছাড়া পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১০ দশমিক ০৪ মিটার। এখানে বিপদসীমা ১৩ দশমিক শূন্য মিটার। ফলে জাফলংয়ের নিচু এলাকাগুলোতে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬০ মিটার। এখানে বিপদসীমা ১২ দশমিক ৯৫ মিটার। এই নদীর সিলেট পয়েন্টে পানি ৯ দশমিক ৪১ মিটারে অবস্থান করছে। এখানে বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার।
অন্যদিকে সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে সকাল ৬টায় পানি ছিল ১০ দশমিক ৫৪ মিটার। এখানে বিপদসীমা ১২ দশমিক ৩৫ মিটার এবং গোয়াইনঘাট পয়েন্টে সকাল ৯টায় পানি ছিল ৯ দশমিক ৬৪ মিটার। এখানে বিপদসীমা ১০ দশমিক ৮২ মিটার। ধলা নদীর ইসলামপুর পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড হয়েছে ৯ দশমিক৩০ মিটার। তবে লোভাছড়া পয়েন্টে নতুন করে কোনো পানিপ্রবাহ রেকর্ড করা হয়নি।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অধিদপ্তর।
সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ সোমবার সকালে এদিনকে জানান, উজানে ভারতের মেঘালয় রাজ্যে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। যদি উজান থেকে ঢল নামা বন্ধ না হয়, তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেটের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









