কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে পৈতৃক জমি ও ফলদ গাছ দখল এবং ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৃত ইয়াসিন আলী শেখের ছেলে হাসানুজ্জামান বাবু ও তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, গোয়ালগ্রাম এলাকার ৪.৩৩ একর পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আরএস রেকর্ডে ভুলবশত অন্য উত্তরাধিকারীদের নাম যুক্ত হওয়ায় ১৯৯৪ সালে আদালত হাসানুজ্জামান বাবুর বাবার পক্ষে চূড়ান্ত ডিক্রি দেন। তবে চলতি বছরের ১ মার্চ ওই রেকর্ডের সূত্র ধরে স্থানীয় শরিফুলের নেতৃত্বে একটি পক্ষ জমি দখলের চেষ্টা করে। পরে ১৫ মার্চ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।
রোববার জমিতে গিয়ে দেখা যায়, জমিতে বিভিন্ন ধরনের মোটা গাছপালা রয়েছে। কৃষি জমিগুলো লিজ দেওয়া রয়েছে। জমিতে বাঁশের খুটি গেড়ে দড়ি দিয়ে সীমানা দিয়ে ভাগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ জমি বাবু ও তার পরিবারের লোকজন ভোগ দখল করে আসছেন। কিছুদিন আগে পুলিশ গিয়ে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত উভয়পক্ষকে বিশৃঙ্খলা করার পরামর্শ দেন। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে ওই জমিতে সীমানা করা হয়েছে। ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, শরিফুল, আশরাফুল, সাজ্জাদসহ ১০-১৫ জনের একটি দল নিয়মিত জমিতে অনুপ্রবেশ করে জমি ও ফলদ গাছ ঘেরাও করছে এবং পরিবারটিকে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে হাসানুজ্জামান বাবু বলেন, আদালতের রায় ও ১৪৪ ধারা থাকা সত্ত্বেও বিবাদীরা আমাদের জমিতে ঢুকে দিচ্ছে না। জমিতে কাউকে কিছু না বলে সীমানা পুতে রেখে গেছেন প্রতিপক্ষের লোকজন। আম-কাঁঠাল পেড়ে নিয়ে যাচ্ছে এবং অনবরত হুমকি দিচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আরএস রেকর্ডে আমাদের পূর্বপুরুষদের নাম রয়েছে এবং আমরা সেই সূত্রে জমির অংশীদার। আমরা কোনো জমি দখল বা ফল লুট করিনি। আগামী ২১ জুলাই আদালতের শুনানিতে আমরা আইনিভাবেই জবাব দেব।
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস খোয়াজ বলেন, এ বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার সুরাহা করার চেষ্টা করেছি। মামলা হওয়ায় এ বিষয়ে আদালতের কর্তৃক সুরাহা হওয়া প্রয়োজন। তবে সামাজিক শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে সহনশীল হয়ে আদালতের রায় সবাইকে অপেক্ষা করা অনুরোধ জানিয়েছি ।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, জমিতে ১৪৪ ধারা জারির নোটিশ উভয় পক্ষকে দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশ বা হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









