চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলে জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। রাতের দিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
অন্যদিকে, আটকের ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্ত হওয়ার পর এক বিবৃতিতে খাইরুল ইসলাম সজীব বলেন, ‘‘আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









