সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি বসতঘর ধসে পড়ে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়দল পুরান হাটি গ্রামের বশিরুল হকের ছেলে।
সোমবার (২২ জুন) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে খালের পাড়ে থাকা বশিরুল হকের বসতঘরটি ধসে পড়ে। ধসে পড়া এই ঘরেই রশিতে বাঁধা ছিল রুবেল মিয়া নামে এই যুবক। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে নানা চেষ্টা করলেও প্রবল স্রোত থাকায় আর সম্ভব হয়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিরাপত্তার স্বার্থে পরিবারের পক্ষ থেকে তাকে ঘরের ভেতরের একটি খুঁটি বা খাটের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত ডুবে যাওয়া রুবেলের লাশ উদ্ধার করা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









