শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ।
স্থানীয় সূত্র, দলীয় নেতাকর্মী ও পুলিশ জানায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল খেলা দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে সবাই চলে যাওয়ার পর দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা কার্যালয়ে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বাইরে ফেলে দেয়।
বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পাহারাদাররা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশকে বিষয়টি অবহিত করেন।
আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েকটি পুরোনো চেয়ার এবং কিছু ফেস্টুনের অংশবিশেষ পুড়ে গেছে বলে জানা গেছে।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, “স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারণা করছি, রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, “নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









