ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক সূত্রের বরাতে ইউএনবি জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই তার তেহরানে যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠায় ইরান। আমন্ত্রণপত্রে বলা হয়, এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে অংশগ্রহণের জন্য তাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফরে যাচ্ছেন বলে জানা যায়।
ইরান সরকার কয়েক দিনের রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবে। ৪ জুলাই প্রথম জানাজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা এবং ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









