ময়মনসিংহের ত্রিশালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম (৫৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
গ্রেপ্তারকৃত ইমাম মো. ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে খালেক মণ্ডল জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে চঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইমামকে ওই মসজিদ থেকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম ওই শিশুর নিজ বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, "ধর্ষণের অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসি। এই জঘন্য ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









