আওয়ামী লীগের শাসন আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ ও মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি কুষ্টিয়া জিলা স্কুলের সামনে থেকে বের হয়ে মজমপুর রেলগেট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিঙ্গার মোড় একতারা চত্বর এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, শহর জামায়াতের নায়েবে আমীর আজমল হক, শহর সেক্রেটারি শামীম হোসাইন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘‘বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী মতের অসংখ্য মানুষকে গুম, খুন এবং নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন হলেও এসব জঘন্য অপরাধের বিচার এখনো সম্পন্ন হয়নি।’’
অবিলম্বে এসব গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









