বগুড়ার সারিয়াকান্দিতে গরুর পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আলিম মোল্লা (৩২) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ জুন কাজলা ইউনিয়নের উত্তর টেংরাকুড়া গ্রামের স্বাধীন (১১) নামের এক শিশু চরের মাঠে গরু চরাতে যায়। একপর্যায়ে একটি গরু পার্শ্ববর্তী চালুয়াবাড়ী এলাকার রওশানুল কাউছার মানিকের জমিতে ঢুকে কয়েকটি পাটগাছ খেয়ে ফেলে। এ নিয়ে মানিক ও তার ভাই মেহেদী হাসান ওই শিশুকে মারধর করে রক্তাক্ত করেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে গত ২০ জুন একটি গ্রাম্য সালিস বৈঠক আহ্বান করা হয়েছিল। তবে সালিস হওয়ার আগেই গত ১৯ জুন বিকেলে স্থানীয় মানিকদাইড় বাজারে উত্তর টেংরাকুড়া গ্রামের লাল মিয়া মোল্লার ছেলে আলিম মোল্লাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় বাজারে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন।
অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কাজলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সন্তেষ মোল্লা সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—চালুয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সন্দেশ মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সামা মোল্লা, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক ইউপি সদস্য সাহেব আলী মোল্লা, মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন, মিস্টার মোল্লা ও আব্দুর রউফ মোল্লা প্রমুখ।
বক্তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, পাটক্ষেত নষ্ট করা এবং পরবর্তীতে মারধরের ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









