মাত্র ১০ হাজার টাকার লোভে জামালপুরে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করে লাশ লাগেজে ভরে ফেলে দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে এই ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ, নিহতের মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. নাহিদুল ইসলাম (৩০) আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২১ জুন ভোরে মেলান্দহ উপজেলার অটোরিকশা চালক নায়েব আলী প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা তার খোঁজ না পেয়ে মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ২৩ জুন রাতে ইসলামপুর উপজেলার ডেফলা ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেতের পানি থেকে লাগেজে ভরা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে নিহতের পরিহিত শার্ট ও কোমরের তাবিজ দেখে লাশটি নায়েব আলীর বলে শনাক্ত করেন তার স্বজনরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করলে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই জামালপুর জেলা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন রাতে মেলান্দহের চাকদহ এলাকা থেকে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল স্বীকার করেন, জরুরি ১০ হাজার টাকার প্রয়োজনে তিনি সহযোগীদের নিয়ে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নায়েব আলীকে জিআই তার দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ লাগেজে ভরে নির্জন স্থানে ফেলে অটোরিকশাটি নিয়ে যান তারা।
পরবর্তীতে নাহিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ কেনা ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে মো. সোলাইমান কবির, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল কাদের, মো. রাসেল হোসেন এবং সাগর পাশা নামের আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অটোরিকশার ব্যাটারি, মোটর, চাকাসহ কেটে ফেলা বডির বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত (পিপিএম) জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাদের টিম মাঠে নামে। অত্যন্ত দ্রুততার সাথে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ চক্রটিকে গ্রেপ্তার এবং সব আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









