নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় প্রস্তাবিত ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’ ও খেলার মাঠের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ নির্মাণের জন্য ১০৩ শতাংশ জমি দান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে নবারুন জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার মোদী রেজিস্ট্রির মাধ্যমে স্কুল ও খেলার মাঠের জন্য ১০৩ শতাংশ জমি সংসদ সদস্য দিপু ভূঁইয়ার কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, আশিষ কুমার মোদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই। একটি শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিশুদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।’’
সংসদ সদস্য বলেন, ‘‘জনগণকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে একটি আধুনিক ও স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।’’ নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া চর্চার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









