আর্জেন্টিনাকে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ডিসেম্বরে এএফএর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার পরবর্তী অধ্যায় নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে সব গুঞ্জন ছাপিয়ে সফল এই কোচকে দীর্ঘমেয়াদে জাতীয় দলের ডাগআউটে দেখতে একাট্টা হয়েছেন আলবিসেলেস্তের ফুটবলাররা।
গত জুলাইয়ে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হারের পর স্কালোনির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন ডালপালা মেলে। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে বুয়েনস আইরেসের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে কোচের প্রতি নিজেদের নিঃশর্ত সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন খেলোয়াড়রা।
তরুণ মিডফিল্ডার নিকো পাজ বলেন, "আমার কাছে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন কোচ। তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন, আশা করি তিনি থেকে যাবেন।"
দলের অন্যতম ভরসা ও অভিজ্ঞ সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো মনে করেন, এই দলটার পেছনের মূল স্থপতি স্কালোনি নিজেই। তিনি জানান, "আমরা আশা করি তিনি থেকে যাবেন। এই জাতীয় দল গড়ে তোলার মূল কারিগর তিনিই, তাই স্বাভাবিকভাবেই আমরা চাই তিনি দায়িত্ব চালিয়ে যান।"
গোলরক্ষক হুয়ান মুসো বলেন, "তিনি যে সাফল্য অর্জন করেছেন এবং এই দলের সঙ্গে যা গড়ে তুলেছেন, তার জন্য আমরা তাকে অত্যন্ত সম্মান এবং ভালোবাসার চোখে দেখি।" এছাড়া বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানিও কোচের ভূয়সী প্রশংসা করে বলেন, "সাম্প্রতিক সময়ে তিনি জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন এবং সব আর্জেন্টাইনকে ভীষণ আনন্দ দিয়েছেন।"
উল্লেখ্য, গত আট বছরে ১০৪টি ম্যাচ পরিচালনা করে দলকে সোনালী সময়ে ফিরিয়ে এনেছেন স্কালোনি। তার হাত ধরেই আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপ, পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা। এই দীর্ঘ যাত্রায় ৭৬টি জয়, ১৮টি ড্র এবং মাত্র ১০টি হারের অভিজ্ঞতা নিয়ে গড়ে তুলেছিলেন ঐতিহাসিক ৩৬ ম্যাচের অপরাজিত ধারাও। এখন দেখার বিষয়, খেলোয়াড়দের এমন আবেগঘন আহ্বানের পর স্কালোনি শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সায় দেন কি না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









