গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সচেতন নাগরিকরা। স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা রক্ষা এবং জনস্বার্থের কথা বিবেচনা করে তাঁকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিটি পরিণত হয় জনসমর্থনের এক দৃশ্যমান বহিঃপ্রকাশে।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমিন সিকদার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন ও আসিবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ডা. মো. হাবিবুর রহমান দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু প্রশাসনিক দক্ষতার পরিচয়ই দেননি, বরং রোগীদের প্রতি মানবিক আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, দিন-রাত রোগীদের পাশে থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করার কারণে ডা. হাবিবুর রহমান কাপাসিয়ার মানুষের কাছে একজন জনপ্রিয় ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাই তাঁর বদলির খবরে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ স্বাস্থ্য কর্মকর্তার হঠাৎ বদলি স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে কাপাসিয়াতেই দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রয়োজন।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি ‘জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক’, ‘মানবিক চিকিৎসকের বদলি মানি না’ এবং ‘কাপাসিয়ার স্বাস্থ্যসেবার স্বার্থে ডা. হাবিবুর রহমানকে রাখতে হবে’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা।
মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় জনগণের প্রত্যাশা ও স্বাস্থ্যসেবার বাস্তব প্রয়োজন বিবেচনা করে দ্রুত বদলির আদেশ পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে ডা. মো. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









