বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালী ব্রিজের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গেছে, নিহত সিএনজি চালকের নাম আব্দুল মান্নান মোল্লা (৪৫)। তিনি গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মোল্লার ছেলে। তিনি গত ৩ বছর ধরে এই পেশায় যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে আব্দুল মান্নান প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। সারাদিন গাড়ি চালানোর পর সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে সহকর্মী আশিক মিয়ার সাথে তার কথা হয়। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্নে পড়ে। সোমবার সকালে সারিয়াকান্দির কৈখালী ব্রিজের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে নিখোঁজ মান্নানের মরদেহের সন্ধান মেলে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান জানান, সোমবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও চালকের সিএনজিটির কী হলো, কিংবা কীভাবে তার লাশ গাবতলী থেকে সারিয়াকান্দিতে এলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কোনো ছিনতাইকারী চক্রের কাজ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে নিশ্চিত করেছে থানা প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









