ঢাকার ধামরাইয়ে ব্রয়লার মুরগি ও ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত এবং করপোরেট কোম্পানিগুলোর কথিত বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন উপজেলার প্রান্তিক পোল্ট্রি খামারিরা।
সোমবার (২৯ জুন) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই উপজেলা পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক খামারি সমবেত হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পোল্ট্রি খাদ্য (ফিড) ও ওষুধের দাম লাগাতার বৃদ্ধি পেলেও করপোরেট কোম্পানিগুলোর বাজার নিয়ন্ত্রণের কারণে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য পাচ্ছেন না খামারিরা। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা। অনেকেই খামার বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছেন বলেও দাবি করেন তারা।
খামারিদের অভিযোগ, কিছু বড় কর্পোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ খামারিদের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সরকারের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত এবং ফিডের দাম কমানোর দাবি জানান তারা।
এ সময় খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ফিডের দাম কমানো এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এরপর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









