নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুটি পরিবার রয়েছে জানিয়ে তাদেরকে ‘খেলার’ আমন্ত্রণ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোডে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মহানগর যুবদলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘‘নারায়ণগঞ্জের মাটিতে যুবদল নেতৃত্ব দিয়েছে। যুবদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। তাদের কখনও এখান থেকে সরানো যায়নি। কয়েক মিনিট বক্তব্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে আর যুবদল আঙুল চুষে বসে থাকবে এটি মেনে নেওয়া যায় না।’’
তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুটি পরিবার রয়েছে। তারা একে অপরকেই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।’’
শামীম ওসমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘কথায় কথায় বলতেন, ‘খেলা হবে’। এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন খেলায় অংশ নিতে চান ফুটবল না ক্রিকেট? আমাদের জানান।’’
রাজনীতির ভাষায় দাবা খেলার প্রসঙ্গ টেনে যুবদলের এই নেতা বলেন, ‘‘আপনি যদি দাবা খেলতে চান, তাহলে যাদের গুম করতে চেয়েছিলেন তাদের সঙ্গে আপনাদের দুই পরিবারকে বসতে বলব। তারা আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করবে। যুবদলের জাতীয় কোনো নেতার সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা আপনাদের নেই।’’
তিনি আরও বলেন, ‘‘১৯৭৫ সালের পর আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল এবং চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল। পরে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং আওয়ামী লীগের প্রধানকে নিরাপত্তাসহ দেশে ফেরার সুযোগ দেন। কিন্তু পরে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে, তার জবাব দেশের মানুষ দিয়েছে।’’
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজেদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন প্রমুখ। সমাবেশ ও মিছিল সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









