কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে কথিত গুপ্ত হামলা, বোমাবাজি, জ্বালাও-পোড়াও ও গুপ্ত মিছিলের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক। এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, সহিংসতা, নাশকতা ও গুপ্ত হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









