ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সী শিশুকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তাকে জেলা আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার মো. মহসিন উদ্দিন (৬০) উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম। তার বাড়ি পার্শ্ববর্তী গড়াবেড় গ্রামে। তার পিতার নাম নূরুল ইসলাম।
ভুক্তভোগীর পরিবার ও দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সাহেববাড়ি মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন মসজিদে স্থানীয় শিশুদের আরবি পড়ায়। গত রবিবার সকালে সকল ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে ইমাম তার বিশ্রাম কক্ষে নিয়ে যৌন হয়রানি করে। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে।
শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোরাদ খান মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিনকে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গফরগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন তার অপরাধ স্বীকার করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









