"নবীন মানেই নতুন সূচনা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার দরজা"— এই স্লোগানকে বুকে ধারণ করে এক বুক আশা আর স্বপ্ন নিয়ে কলেজের আঙিনায় পা রাখলো একঝাঁক তরুণ প্রাণ। চেনা চৌকাঠ পেরিয়ে জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করলো তারা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকেই কলেজ ক্যাম্পাস মেতে ওঠে এক উৎসবমুখর আমেজে। রঙিন বেলুন, ফেস্টুন আর নবীনদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল পর্ব শুরু হয় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে।
নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীপ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (নবীন বরণ) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিনিয়রদের আন্তরিক অভ্যর্থনা আর শিক্ষকদের স্নেহমাখা হাসিতে এক মুহূর্তের জন্যেও নবীনদের মনে হয়নি তারা কোনো অচেনা জায়গায় এসেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এইচ এম সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার খালেদ রিয়াজ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।কামরুল হাসান রানা, প্রভাষক, বাংলা বিভাগ। ইফতেখার মোশাররফ রিফাত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।সাজ্জাদ আলম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
এছাড়াও ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল, হাতিয়া উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহি, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ইমন এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম রোহান।
অনুষ্ঠানে শিক্ষকেরা নবীনদের অ্যাকাডেমিক নিয়মনীতি ও কলেজের ঐতিহ্য সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









