টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। নিহত পারভীন আক্তার (৪৫) সখীপুর পৌর এলাকার বাসিন্দা মৃত হুমায়ুনের স্ত্রী।
বুধবার (১ জুলাই) সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজের পর ওই নারীর আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে না পেয়ে গতকাল মঙ্গলবার সখীপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। আজ সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, ‘‘নিহত ওই নারীর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। নিহত ওই বিধবা নারীর নিখোঁজের বিষয়ে পরিবারের সদস্যরা গতকাল সখীপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেছিলেন। ওই নারীর মরদেহ উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও উদঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









