সুন্দরবনে প্রবেশে সরকার ঘোষিত তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই দুর্বৃত্তরা। সুযোগ পেলেই তারা সুন্দরবনে ঢুকে নানা অপরাধে লিপ্ত হওয়ার চেষ্টা করছে।
বুধবার (১ জুলাই) চরপুটিয়া টহল ফাড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় দুর্বৃত্তদের ব্যবহৃত ৩টি ডিঙি নৌকা, ২৪ বোতল কীট নাশক, অবৈধ টোনা জাল ও শুটকি প্রক্রিয়াকরণের নানা সরঞ্জাম উদ্ধার করে।
চরপুটিয়া টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মো. আসাদুজ্জামান জানান, এই দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বনে ঢুকে গহীন বনে আস্তানা গড়ে তোলে। তারা সুন্দরবনের খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও আহরিত মাছ শুকিয়ে শুঁটকি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। বড় ধরনের কোনো ক্ষতির আগেই তাদের চেষ্টা নস্যাৎ করে দেওয়া হলো।
তাদের আস্তানা ভেঙে সব মালামাল জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা হয়তো বনের মধ্য পালিয়ে গেছে। তবে তাদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও বন রক্ষায় বনবিভাগ সক্রিয় রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম এক মাসে বনবিভাগের বেশ কয়েকটি সফল অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্বৃত্তদের কোনো অপচেষ্টা সফল হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









