নীলফামারী জেলার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় ব্যাংক কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ব্যাংকের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য শোনেন এবং আইনগতভাবে তা সমাধানের আশ্বাস দেন। নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম-সেবা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









