বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লিটন সাকিদার ওই গ্রামের মন্ডলবাড়ী এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সাথে একই গ্রামের খাজা প্রামানিকের (৬০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সকালে নালিশী জমির দখল নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন— মুহিদুল সাকিদার (৬৪), রিপন আহমেদ (৩২), সায়েদজ্জামান সাকিদার (৬২), সহিদ ইসলাম সাকিদার (৩১), মন্তেজার রহমান সাকিদার (৫৫), দিলেরা বেগম (৪০), তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং মুন প্রামানিক (২৮)। এদের মধ্যে গুরুতর আহত রিপন ও মুহিদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









