মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।
ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি আরও জানান, একই অভিযানের ধারাবাহিকতায় কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাতচক্রের তৎপরতা নস্যাৎ করা সম্ভব হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









